৩ দিন পর বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা
আগামী ৭২ ঘণ্টার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বাড়বে দিন-রাতের তাপমাত্রা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সেই সঙ্গে দিনের এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সীতাকুন্ড, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলাসমূহ এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। ফলে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
খবর সারাবেলা / ৩১ জানুয়ারি ২০২২ / এমএম




