সৌদি পৌঁছেছেন ৪২ হাজার হজযাত্রী

চলতি বছরের ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪২ হাজার একজন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন।

১১৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

খবর সারাবেলা / ২৮ জুন ২০২২ / এমএম