সপ্তাহের শুরুতে সারাদেশে বাড়বে শীতের প্রকোপ

December 24, 2020

প্রায় সারাদেশেই জেঁকে বসেছে শীত। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে গত কয়েকদিন ধরে। কনকনে ঠাণ্ডায় সঙ্গে ঘনকুয়াশা থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রার পারদ আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার থেকে সারাদেশে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া সারাদেশে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও টেকনাফে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।

খবর সারাবেলা / ২৪ ডিসেম্বর ২০২০/এমএম