রোনালদোকে জড়িয়ে ধরতে না পারার আক্ষেপ পেলের
পেলেকে টপকে ক্রিশ্চিয়ানো রোনালদোই বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এই নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছিল। উঠেছিল প্রশ্ন, তৈরি হয়েছিল বিতর্ক। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে চিঠি লিখে ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, কেন এতদিন চুপ ছিলেন তিনি। পাল্টা চিঠি লিখেছেন পেলেও।
রবিবার ক্যালিয়ারির বিরুদ্ধে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন রোনালদো। ক্যারিয়ারে ৭৭০ গোল হলো তাঁর। রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে অনেক খবর এবং সংখ্যাতত্ত্ব দেখছিলাম, যেখানে বলা হচ্ছিল যে পেলের ৭৫৭ গোল টপকে আমি সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছি। সেই স্বীকৃতির জন্য ধন্যবাদ, কিন্তু আজ আমি বলতে চাই সেই রেকর্ড নিয়ে কেন এতদিন চুপ ছিলাম।’
রোনালদোর সংযোজন, ‘পেলের জন্য আমার শ্রদ্ধা চিরকালীন এবং নিঃশর্ত। সে কারণেই আমি তার গোলের সংখ্যা ৭৬৭ ধরেছিলাম, কারণ সাও পাওলো দলের হয়ে উনি ৯টি গোল করেছিলেন এবং ব্রাজিলের সেনাবাহিনীর হয়ে একটি গোল। ফুটবল এবং গোটা বিশ্ব এরপর অনেক বদলে গিয়েছে। তার মানে এই নয় যে, আমরা নিজেদের ইচ্ছা মতো ইতিহাস বদলে দেব।’
রোনালদো আরো লিখেছেন, ‘আমি পেশাদার জীবনে ৭৭০ গোলে পৌঁছালাম, আমার প্রথম শ্রদ্ধার্ঘ্যই হবে পেলের উদ্দেশে। বর্তমান তার খেলা, গোল এবং কৃতিত্বের কথা শুনে বড় হয়নি এরকম কোনো ফুটবলারকে খুঁজে পাওয়া যাবে না। আমিও ব্যতিক্রম নই। সে কারণেই আমি গর্বিত এবং স্বীকার করছি যে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হয়েছি। মাদেইরায় বেড়ে ওঠা এক শিশু কোনোদিন স্বপ্নেও একথা ভাবতে পারেনি।’
ক্লাবের হয়ে ৬৬৮টি গোল করেছেন রোনালদো। পর্তুগালের হয়ে রয়েছে ১০২টি গোল। রোনালদোর চিঠির উত্তরে পেলেও ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জীবনের লড়াই সবার একার, প্রত্যেকে নিজেই নিজের যাত্রাপথ ঠিক করে। আমি তোমাকে শ্রদ্ধা করি, তোমার খেলা দেখতে ভালবাসি সেটা সবাই জানে। আমার রেকর্ড ভাঙার জন্য অনেক শুভেচ্ছা। আমি তোমাকে গিয়ে জড়িয়ে ধরতে পারছি না এটাই আমার অন্যতম আক্ষেপ।’
খবর সারাবেলা / ১৫ মার্চ ২০২১ / এমএম




