মেসিকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন পচেত্তিনো

September 20, 2021

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রবিবার রাতে অলিম্পিক লিঁওর মাঠে পিএসজি ২-১ গোল ব্যবধানে জিতলেও ম্যাচের ৭৫ মিনিটে মেসিকে তুলে নেন কোচ মাউরিসিও পচেত্তিনো। তখনও গোল ব্যবধান ছিল ১-১। এমতাবস্থায় কেন তাকে তোলা হলো- তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে আলোচনা আর সমালোচনা। অবশেষে সে বিষয়ে মুখ খুললেন পিএসজির কোচ।

পার্ক দেস প্রিন্স স্টেডিয়ামে স্বাগতিক অলিম্পিক লিঁওর বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়। এরপর ম্যাচের ৫৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরাই। তবে ৬৬তম মিনিটে পেনাল্টি কিক থেকে নেইমারের নেওয়া গোলে সমতায় ফেরে পিএসজি।এরপর যখন ৭৫তম মিনিটের খেলা চলে ঠিক তখনই মাঠ থেকে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে তুলে নেন পচেত্তিনো। কেন তাকে সেই সময় তুলে নেওয়া হলো সেটা খোলাসা করেছেন তিনি নিজেই।

পিচেত্তিনো বলেন, ‘অনেক সময় এসব সিদ্ধান্তে ভালো ফল আসে। আর এসব সিদ্ধান্তের জন্যই আমরা ডাগআউটে দাঁড়িয়ে থাকি। এই সিদ্ধান্তগুলো আমাকে নিতেই হবে, সেটাতে শেষ পর্যন্ত ভালো হোক বা না হোক, সেটা আপনার পছন্দ হোক বা না হোক।’তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, আমরা সবাই জানি যে আমাদের ৩৫ জনের স্কোয়াডে দারুণ সব ফুটবলার আছে। কেবল ১১ জনই একসঙ্গে খেলতে পারে। এর বেশি খেলানো সম্ভব নয়। মাঠের সিদ্ধান্তগুলো নেওয়া হয় দল ও প্রতিটি খেলোয়াড়ের ভালোর জন্যই।’

খবর সারাবেলা / ২০ সেপ্টেম্বর ২০২১ / এমএম