ভারাক্রান্ত বিশ্বে আক্রান্ত সাড়ে ৮ কোটি, থেমে নেই মৃত্যুও

January 3, 2021

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন ভয়াবহতায় করোনাভাইরাসের নতুন নতুন প্রজাতির সন্ধান বিশ্বজুড়ে তৈরি করেছে নতুন উদ্বেগ। বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা আট কোটি ৪৯ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৪৩ হাজার। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৯৩ হাজার।

করোনার বিশ্ব পরিস্থিতি, আক্রান্ত ও মৃত্যুর হালনাগাদ তথ্য সংরক্ষণ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৮০ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ১৪০ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, রোববার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার ২৭৭ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯ লাখ ৪ হাজার ৭০১। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫৮ হাজার ৬৮২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ২৪ হাজার ৬৩১। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ১৬ হাজার ৪০৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ৭৪২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

এরই মধ্যে কয়েকটি কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ টিকা প্রয়োগ শুরু করেছে। বাংলাদেশেও দ্রুত টিকা আনা হবে বলে জানিয়েছে সরকার।

খবর সারাবেলা / ০৩ জানুয়ারি ২০২১/এমএম