বিয়ের ১১ বছর পর মা-বাবা হচ্ছেন তিশা-ফারুকী

December 29, 2021

বছরের একেবারে শেষ প্রান্তে এসে বড় চমক দিলেন তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন, তারা সন্তানের অভিভাবক হতে চলেছেন। বিয়ের এক দশক পার হলেও অভিনেত্রী তিশা ও নির্মাতা ফারুকী কেন সন্তান নিচ্ছেন না- এ নিয়ে বহু আগে থেকেই ছিল নানা গুঞ্জন, নানা প্রশ্ন। অবশেষে সবকিছুরই অবসান হতে চলেছে।

মঙ্গলবার সন্ধ্যায় অভিনেত্রী তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী ফারুকীর সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিশার বেবি বাম্প একেবারে স্পষ্ট। এও বোঝা যাচ্ছে, তাদের অনাগত সন্তান পৃথিবীতে আসতে আর খুব বেশি দেরি নেই। শিগগিরই ঘর আলো করে এই তারকা দম্পতির সংসারে আসবে নতুন অতিথি।

ওই ছবি দুটি পোস্ট করে তিশা ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেন সবকিছুতে অনুপস্থিত? এই দুইটা ছবিতে নিশ্চয়ই সবকিছুর উত্তর পাচ্ছেন।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি অনুপস্থিত, কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’

তিশার এই পোস্টের নিচে তাকে এবং ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন শোবিজের বহু তারকা। তাদের মধ্যে আছেন- অভিনেতা চঞ্চল চৌধুরী, নির্মাতা শিহাব শাহীন, চিত্রনায়ক নিরব হোসেন, অভিনেতা মীর সাব্বির, রওনক হাসান, টনি ডায়েস, গীতিকার কবির বকুল, মডেল-উপস্থাপিকা মারিয়া নূর, অভিনেত্রী শাহনাজ খুশি ও রুনা খানসহ অনেকে।

অভিনন্দন বার্তা এসেছে ওপার বাংলা থেকেও। তিশা ও ফারুকীর প্রথম সন্তানের আগমনের খবরে তাদের শুভেচ্ছা জানিয়েছেন টলিউড অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা অরিন্দম শীল। তিনি লিখেছেন, ‘এতো দারুণ খবর! আন্তরিক শুভকামনা। ভালো থেকো তোমরা।’

২০০৯ সালে ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন তিশা। এর পরের বছরই তারা বিয়ে করেন। তার আগে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা-ফারুকী। ২০০৫ সালে একটি শুটিংয়ে তিশাকে প্রপোজ করেছিলেন ফারুকী। তিশা তাতে সবুজ সংকেত দেন।

এর পরই শুরু হয় তাদের প্রেমপর্ব। পাঁচ বছর এভাবে চলার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তিশা ও ফারুকী। গত বছর দশম বিবাহবার্ষিকীতে এসব অজানা কথা তারা নিজেরাই ফাঁস করেন একটি টিভি সাক্ষাৎকারে। চলতি বছরের ১৬ জুলাই তিশা-ফারুকীর দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়ে এক যুগে পড়েছে।

খবর সারাবেলা / ২৯ ডিসেম্বর  ২০২১ / এমএম