বিসিবির এজিএম বৃহস্পতিবার

তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।আজ বুধবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘প্রকৃতপক্ষে গত তিন বছর আমাদের নানা সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারিনি। এ বছর চেষ্টা ছিল জুলাই মাসে আমাদের এজিএম করার। সেটা সম্ভব হয়নি কোভিড প্রতিবন্ধকতার কারণে। আমাদের অনেক কাউন্সিলর ঢাকায় অবস্থান করছেন। আশা করছি সুষ্ঠ, সুন্দরভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারব।’

বোর্ডের কার্যক্রম ও পেশাদারিত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকলেও কাউন্সিলররা সেসব নিয়ে আলোচনা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী বলেন, ‘বোর্ডের লক্ষ্য সবসময়ই থাকে যেন পেশাদারিত্বের জায়গাটা বেশি করে পরিচিতি করানো যায়। সে চেষ্টাই করছি, বাকিটা আমাদের কাউন্সিলররা বলবেন।’সভায় গত চার বছরের আয়-ব্যয় সংক্রান্ত অডিট রিপোর্ট, কার্যক্রমসহ সবকিছুর অনুমোদন নিয়ে আলোচনা হবে। এছাড়া পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অর্থবছর সমূহের আয়-ব্যয় সংক্রান্ত বিষয় নিরীক্ষণ ও অনুমোদন এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন করা হবে।

বোর্ডের দশম সভা শেষে গত ২৭ জুলাই এজিএমের তারিখ নির্ধারণ করা হয়। তবে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা পিছিয়ে যায়। এর আগে নানা কারণে গত তিন বছর এজিএম আয়োজন করতে পারেনি বিসিবি।জানা গেছে, ১৬৬ কাউন্সিলরের এজিএমে অংশ নেওয়ার কথা রয়েছে। তাদের বেশিরভাগই বর্তমান পরিচালনা পরিষদের কাছের ও নির্ভরযোগ্য ব্যক্তি। ফলে বোর্ডের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া বা যেকোনো বিষয় নিয়ে কথা বলার আগ্রহ নেই অনেকেরই। তবে সভায় কাউন্সিলররা নিজেদের আপত্তি, যে কোনো বিষয়ে বক্তব্য রাখতে পারবেন।

খবর সারাবেলা / ২৬ আগস্ট ২০২১ / এমএম