বাইপাস সার্জারির পর যেমন আছেন নাঈম

November 7, 2021

মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক তথা অভিনেত্রী শাবনাজের স্বামী নাঈম। বাধ্য হয়ে শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে বাইপাস সার্জারি করাতে হয়েছে তাকে। রবিবার সকালে নাঈম-শাবনাজের যৌথ ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এ খবর জানানো হয়।

ওই পোস্টে লেখা হয়, ‘আপনাদের সবার প্রিয় নাঈম ভাইয়ের শনিবার (৬ নভেম্বর) রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন। আপনারা সবাই নাঈমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন।’

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ। পরবর্তীতে আরও বহু সিনেমায় তারা জুটি বাঁধেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন। এরপর দুজনেই অভিনয় ছেড়ে দেন।

খবর সারাবেলা / ০৭ নভেম্বর  ২০২১ / এমএম