দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা
চলছে শ্রাবণ মাস। কখনো রোদ, কখনো বৃষ্টির মৌসুম এটা। আজকের দিন রোদ ঝলমলে শুরু হলেও দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে। দেশের উপকূলসহ একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।সোমবার (৯ আগস্ট) সকাল নয়টার দিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান।
তিনি বলেন, ঢাকায় ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকালে মেঘলা আকাশের সঙ্গে রোদ থাকতে পারে। দুপুরের পর সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশের দিনের এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরের রাজারহাট এলাকায় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই একদিনে আবহাওয়ার পরিস্থিতিতে তেমন পরিবর্তন নেই। তবে পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
খবর সারাবেলা / ০৯ আগস্ট ২০২১ / এমএম




