চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বিদায়ের পথে শীত

February 1, 2022

মাঘের শেষে দেশের বিভিন্ন এলাকায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যেই চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই বৃষ্টির পর শীত আস্তে আস্তে বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাপমাত্রা বাড়ার এই ধারা অব্যাহত থাকবে।

মঙ্গলবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস বলছে, নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

তাপমাত্রা বৃদ্ধির কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং অন্যত্র তা সামান্য বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টিপাত হতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড়ে টানা চার দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে রবিবার (৩০ জানুয়ারি) পঞ্চগড়ে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

খবর সারাবেলা / ০১ ফেব্রুয়ারি ২০২২ / এমএম