চল্লিশের পর বিয়ে, পরিকল্পনায় থাকুক নতুনত্ব

একটা বয়স পর্যন্ত বিয়ে নিয়ে অনেকেরই অনীহা থাকে। আজ না কাল করে বিয়ের বন্ধনে বাধা পড়া আর হয়না। কিন্তু যান্ত্রিক ব্যস্ততায় মাঝে মাঝেই হঠাৎ একাকিত্ব গ্রাস করে ফেলে। তখন মনে হয়, কারো সঙ্গে জীবন কাটাতে পারলে মন্দ হতো না।

তবে এই বয়সে এসে পছন্দের মানুষকে খুঁজে পাওয়াও সহজ কাজ নয়। চাইলেই মনের মতো একটি সম্পর্ক গড়ে উঠবে, এমন ভাবনাও বিলাসিতা। চল্লিশের পর নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে নিজের আচরণে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। লক্ষ্য রাখতে হবে চারপাশে বদলে যেতে থাকা পরিস্থিতিও। এছাড়া আর কোন কোন বিষয়ে লক্ষ্য রাখবেন জেনে নিন-

ধৈর্য ধরতে হবে। এই বয়সে নতুন মানুষের সঙ্গে মন খুলে কথা বলার অভ্যাস অধিকাংশেরই কমে যায়। ফলে বন্ধুত্ব হতে সময় লাগে।এর মানে এই নয় যে, নতুন সম্পর্ক হওয়া কঠিন। হতাশ হওয়া চলবে না। তাতে আরো বন্ধুর অভাব ঘটতে পারে।

ডেটিং সাইটের বা ম্যারেজ সাইটের সাহায্য অনেকেই নিয়ে থাকেন। তবে সুস্থ সম্পর্ক চাইলে নিজের সম্পর্কে সব সত্য লিখতে হবে সেই সাইটে।কোনো মানুষকে নিয়ে অল্প অস্বস্তি দেখা দিলেও না আগানোই ভালো। কারণ এই বয়সে সম্পর্ক কেন্দ্রিক জটিলতা কম লোকেই পছন্দ করেন।কাউকে পছন্দ হলে দ্বিধা করবেন না। এগিয়ে যান। তিনি কবে বন্ধুত্বের হাত বাড়াবেন, সে অপেক্ষায় বসে থেকে লাভ নেই।

যদি কারো সঙ্গে বন্ধনে জড়িয়ে পড়েন, তাহলে তাকে নিজের সম্পর্কে জানতে দেওয়ার দায়িত্ব আপনার। কারণ, আপনার জীবনের প্রথম চল্লিশ বছর সম্পর্কে এই মানুষটি কিছুই জানেন না। তার সঙ্গে যথা সম্ভব কথা বলার চেষ্টা করুন। তাকেও চিনতে-জানতে সুবিধা হবে।

খবর সারাবেলা / ২২ আগস্ট ২০২১ / এমএম