করোনা: ঢাকাসহ সারা দেশে আইসোলেশন শয্যা ৭ হাজার ৬৯৩
করোনাভাইরাসে সংক্রমিতদের জন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে মোট ৭ হাজার ৬৯৩টি আইসোলেশন শয্যা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।
বুধবার করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ঢাকা মহানগর এবং ঢাকার বাইরে চট্টগাম, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও খুলনায় করোনাভাইরাসের জন্য নির্দিষ্ট হাসপাতালগুলোতে মোট ৭ হাজার ৬৯৩টি আইসোলেশন শয্যা রয়েছে। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১৫৫০টি, ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে রয়েছে ৬১৪৩টি।
অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, আমরা প্রতিনিয়ত আইসোলেশন শয্যা সংখ্যা বাড়াচ্ছি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। সরকারি স্থাপনাগুলোকেও আইসোলেশনের শয্যা হিসেবে ব্যবহারের প্রক্রিয়া চলছে। এসব হাসপাতালে মোট নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) শয্যা রয়েছে ১১২টি। একই সঙ্গে ডায়ালাইসিস শয্যা রয়েছে ৪০টি। এসব আরও বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি।
খবর সারাবেলা / ০৮ এপ্রিল ২০২০ / এমএম




