একপশলা বৃষ্টিতে নীরব ঢাকায় স্বস্তি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নীরব রাজধানী ঢাকা। এরই মধ্যে কয়েকদিন ধরেই অনুভূত হচ্ছিল গুমোট গরম। প্রতিদিনই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়তে থাকে। সেনা ও পুলিশবাহিনীর বাড়তি তৎপরতায় বাইরে বের হওয়ার সুযোগও সীমিত হয়ে ওঠে। কংক্রিটের দেয়ালে ঘরবন্দি নগরবাসীর অস্বস্তি বাড়ছিল। এরই মধ্যে প্রাণহীন রাজধানীর নিরব সড়কগুলো ভিজিয়ে দিল স্বস্তির বৃষ্টি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার থেকে ৫ টার মধ্যে ঢাকার বেশিরভাগ এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। কালবৈশাখীর আগামবার্তা জানিয়ে বয়ে যায় দমকা হাওয়া।আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া ও হালকা বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই দিন শুক্র ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, ফেনী, রাঙামাটি, মাইজদীকোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
খবর সারাবেলা / ০২ এপ্রিল ২০২০/ এমএম




