ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক-গুগল একজোট

বিশ্ব প্রযুক্তির দুই মহারথি প্রতিষ্ঠান সামাজিক মাধ্যম ফেসবুক ও সার্চ জায়ান্ট গুগল। এবার তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারনেট সক্ষমতা ও গতি বাড়াতে সমুদ্রতলে নতুন সাবমেরিন ক্যাবল স্থপনের পরিকল্পনা করছে। সম্প্র্রতি প্রতিষ্ঠান দুটি নতুন কেবল সিস্টেম স্থাপনের লক্ষ্যে সম্প্রতি জোট বাঁধার খবর জানিয়েছে। জানা গেছে, কেবল স্থাপন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট অ্যাপ্রিকট’। এ প্রকল্পটি সিঙ্গাপুরকে জাপানের সঙ্গে সংযুক্ত করবে। আশা করা হচ্ছে, ২০২৪ সাল নাগাদ চালু হবে এটি।

এক প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিকের একটা বড় অংশ পারাপারের গুরুভার থাকে সমুদ্রতলের কেবলের ওপর। বর্তমানে ৪জি, ৫জি এবং ব্রডব্যান্ড সংযোগের ক্রমবর্ধমান চাহিদার মুখে ইন্টারনেট ট্রাফিক চলাচল অব্যাহত রাখতে আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যাবলের প্রয়োজন দেখা দিয়েছে।

রোববার এক ব্লগ পোস্টে ফেসবুকের নেটওয়ার্ক বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক নিকো রোরিক এ প্রসঙ্গে বলেন, বৈশ্বিক নেটওয়ার্ক কাঠামোর পরিসর বাড়াতে এবং ৫০ কোটিরও বেশি মানুষকে আরও ভালোভাবে সেবা দিতে আমাদের যে চলমান প্রচেষ্টা রয়েছে, তার অংশ অ্যাপ্রিকট কেবল।

গুগলের গ্লোবাল নেটওয়ার্কিং বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বিকাশ কোলে বলেন, যৌথভাবে এগুলো এশিয়ার ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য ডেটা আদান-প্রদানের সময় কমাবে, ব্যান্ডউইথ বাড়বে এবং দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর এশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্ধিত সংযোগ জোরদার করবে।

খবর সারাবেলা / ১৯ আগস্ট ২০২১ / এমএম