অ্যাপে রাইডশেয়ারিং শর্ত সাপেক্ষে অনুমতি
মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্থবির হয়েছিল পুরো বিশ্ব। লকডাউনে ছিল বাংলাদেশও। আর এ সময়ে অন্যসব সেবার মতো সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ করে দেয়া হয় রাইডশেয়ারিং।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দীর্ঘদিন পর মোটরসাইকেলে রাইডশেয়ারিং অনুমতি দিয়েছে।
তবে সেটিও করতে হবে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে। রাইডশেয়ারে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বেশকিছু শর্তও জুড়ে দিয়েছে বিআরটিএ। চালক ও যাত্রীকে মাস্ক, ফেস শিল্ড, হ্যান্ড গ্লাভস ও নির্দিষ্ট মানদণ্ডের হেলমেট ব্যবহার করতে হবে।
ট্রিপের শুরু ও শেষে হেলমেট, মোটরসাইকেলসহ যাত্রীর মালামাল স্প্রে করে জীবাণুমুক্ত করে নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের জন্য বিআরটিএ’র যেসব নির্দেশনা রয়েছে- সেগুলোও মেনে চলতে হবে।
আবার আগের মতো ঢালাওভাবে সবার জন্য এ অনুমতি নয় বরং যেসব মোটরসাইকেলের বিআরটিএ’র কাছ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নেয়া আছে, কেবল সেগুলোই চলাচল করতে পারবে বলেও জানান হয়েছে। বর্তমানে এ এনলিস্টমেন্ট সার্টিফিকেট আছে মাত্র ১ হাজার ১৫৬টি মোটরসাইকেলের।
অনুমতিপ্রাপ্ত মোটরসাইকেলগুলো ডিটিসিএ এলাকা অর্থাৎ ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচল করতে পারবে। আগে এ সেবার আওতায় জেলা শহর থাকলেও এবার চট্টগ্রামসহ কয়েকটি শহরের জন্য এখনও অনুমতি দেয়নি বিআরটিএ।
সম্প্রতি বিআরটিএ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে রাইডশেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে। রাইডশেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও-এর মার্কেটিং লিড সৈয়দা নাবিলা মাহবুব গণমাধ্যমকে মোটরসাইকেলে রাইডশেয়ার অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআরটিএ’র হিসাবে তাদের অনুমোদিত রাইডশেয়ারিং প্রতিষ্ঠানগুলোর অন্তত ১ লাখ ২৩ হাজার যানবাহন রাইডশেয়ার করে, যার মধ্যে ১ লাখ ৪ হাজার মোটরসাইকেল। এর মধ্যে এনলিস্টমেন্ট সনদ রয়েছে ৯ হাজার গাড়ি ও ১১৫৬ মোটরসাইকেলের। যেগুলোকে রাইডশেয়ারের অনুমতি দিয়েছে সংস্থাটি।
দেশে করোনা মহামারী শুরু হওয়ার পর বন্ধ করে দেয়া হয় রাইডশেয়ারিং। ১ জুন থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালানোর অনুমতি দেয় সরকার। আর ২১ জুন থেকে প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সও রাইডশেয়ারে চলাচলের অনুমতি দেয়া হয়।বিআরটিএ বলছে, রাইডশেয়ারিংয়ের জন্য এনলিস্টমেন্ট সনদ বাধ্যতামূলক। তাই শুধু সনদধারীদেরই অনুমতি দেয়া হয়েছে।
খবর সারাবেলা / ০৭ সেপ্টেম্বর ২০২০ / এমএম




