অন্তঃসত্ত্বা অ্যাথলিট দৌড়ালেন ১০ কিলোমিটার
৫ মাসের অন্তঃসত্ত্বা দৌড়ালেন ১০ কিলোমিটার। এমনই ঘটালেন ভারতের অঙ্কিতা গৌড়। বেঙ্গালুরুতে টিসিএস ওয়ার্ল্ড ১০কে রান তিনি শেষ করলেন মাত্র ৬২ মিনিটে।
গত ৯ বছর ধরে নিয়মিত দৌড়ান অঙ্কিতা। তার কাছে এটা সহজাত। অঙ্কিতা বলেছেন, প্রায় প্রতি দিনই এটা করে আসছি ৯ বছর ধরে। ঘুম থেকে উঠেই দৌড়াতে চলে যাই। চোট পেলে বা শরীর ঠিক না থাকলেই একমাত্র দৌড়াই না। আমার কাছে এটা শ্বাস নেওয়ার মতো একেবারে সহজাত ব্যাপার। আর অন্তঃসত্ত্বা অবস্থায় দৌড়ানো ভালো ব্যায়ামও। আমেরিকান কাউন্সিল অফ হেলথ জানিয়েও দিয়েছে যে একজন রানারের পক্ষে এটায় কোনো অসুবিধা নেই।’
পেশায় ইঞ্জিনিয়ার অঙ্কিতা। ২০১৩ সাল থেকে তিনি টিসিএস ওয়ার্ল্ড ১০কে-তে অংশ নিয়ে আসছেন। বেশ কয়েকবার আন্তর্জাতিক ম্যারাথনেও দৌড়েছেন। এর মধ্যে বার্লিনে দৌড়েছেন ৩ বার। বস্টন, নিউইয়র্কেও দৌড়েছেন। এবারের দৌড়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেছেন, ‘অ্যাপ-সহায়ক এই রেস দারুণ উপভোগ করেছি। এটা খুব ইউজার ফ্রেন্ডলি ছিল।’
কীভাবে তিনি প্রস্তুতি নিলেন? অঙ্কিতা বলেছেন, ‘প্রতিদিনই ৫-৮ কিমি দৌড়াচ্ছিলাম ধীরে ধীরে। ৫ মাসের অন্তঃসত্ত্বা বলেই ব্রেক নিয়ে দৌড়েছি। কারণ, এখন আমার শরীর আগের চেয়ে আলাদা। অতীতে টিসিএস ১০কে দৌড়ে পদক জিতেছি। কিন্তু এবার তা পারিনি। কারণ বিশ্রাম নিয়ে দৌড়াতে হয়েছে।’
ডাক্তার বা পরিবার, কোথাও বাধা পাননি অঙ্কিতা। তবে গায়নোকোলজিস্ট পরামর্শ দিয়েছিলেন বেশি গতিতে না দৌড়াতে। ফিজিওথেরাপিস্টও বলেছিলেন ধীরে ধীরে দৌড়াতে। যা তার শরীর ও গর্ভস্থ সন্তানের পক্ষেও স্বাস্থ্যকর হবে বলে জানিয়েছিলেন তিনি। ডাক্তারের সবুজ সঙ্কেত পাওয়ার পর পরিবারের তরফেও সমস্যা হয়নি।
খবর সারাবেলা / ২৪ ডিসেম্বর ২০২০/এমএম




