বিশ্বে করোনায় আক্রান্ত বেড়ে ৫ কোটি ছুঁই ছুঁই

November 3, 2020

পুরো বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্ত বেড়ে ৪ কোটি ৭৩ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার ১৮৯ জনে। এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ লাখ ১১ হাজার ৩০০ জন।করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও দেশটিতে দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই। দেশটিতে করোনায় আক্রান্ত ৯৫ লাখ ৬৭ হাজার ৬২৩ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৩৬ হাজার ৯৯৭ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮২ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ১৩৯ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৫৪ হাজার ২০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৭২ জনের।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর রয়েছে যথাক্রমে মেক্সিকো, যুক্তরাজ্য ও ইতালি।কোভিড-১৯ আক্রান্ত হয়ে মেক্সিকোতে এখন পর্যন্ত ৯২ হাজার ১০০ জন, যুক্তরাজ্যে ৪৬ হাজার ৮৫৩ জন এবং ইতালিতে ৩৯ হাজার ৫৯ জন প্রাণ হারিয়েছেন।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- মঙ্গলবার সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৬৮৭ ব্যক্তি। ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ লাখ ৩ হাজার ১২১ জন। এছাড়া ব্রাজিলে ৪৯ লাখ ৮০ হাজার ৯৪২, যুক্তরাষ্ট্রে ৬১ লাখ ৭১ হাজার ৪০২ জন ও রাশিয়ায় ১২ লাখ ৩৬ হাজার ৯২১ জন করোনামুক্ত হয়েছেন।

এদিকে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে আতঙ্কাবস্থানে আছে ইউরোপের দেশগুলো। শীতকাল আসার সাথে সাথে দেশগুলোতে নতুনভাবে প্রকোপ বাড়তে শুরু করেছে। অনেক দেশই পুনরায় লকডাউনের সিদ্ধান্ত দিয়েছে।

খবর সারাবেলা / ০৩ নভেম্বর ২০২০ / এমএম