টি ২০ দিয়ে নভেম্বরে ফিরবেন সাকিব
সাকিব আল হাসান নিষেধাজ্ঞামুক্ত হবেন ২৮ অক্টোবর। শ্রীলংকা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল তার। সফর পিছিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন সাকিব।
বিসিবি সভাপতি নাজমুল হাসান মঙ্গলবার জানিয়েছেন, ‘নভেম্বরে ঘরোয়া টি ২০ টুর্নামেন্টে খেলবে।’ তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্ট শেষে আগামী মাসে পাঁচ দল নিয়ে টি ২০ টুর্নামেন্টের আয়োজন করবে বিসিবি। ওই টুর্নামেন্টে খেলার মধ্যদিয়ে ক্রিকেটে ফিরবেন।
ছয় মাস বিরতির পর দেশে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছে মাঠে। ১১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ৫০ ওভারের টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও হাই পারফরম্যান্স (এইচপি) এবং ২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের কয়েকজন নির্বাচিত খেলোয়াড় অংশ নেবেন।
কোভিড-১৯ মহামারীর জেরে মার্চ থেকে বন্ধ থাকা ক্রিকেট ফের মাঠে ফেরাতে এ উদ্যোগ নিয়েছে বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল তিন দলের নেতৃত্ব দেবেন। ফাইনালসহ মোট ছয় ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। প্রতিটি দল দু’বার মুখোমুখি হবে পরস্পরের।
শীর্ষ দুটি দল ফাইনালে খেলবে ২৩ অক্টোবর। দিবা-রাত্রির সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচের রিজার্ভ ডে রাখা হয়েছে। করোনাকালে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিশিয়াল এবং মাঠকর্মীসহ ম্যাচ সংশ্লিষ্ট সবাইকে জৈব সুরক্ষাবলয়ে রাখা হবে।
বিসিবি সভাপতি বলেন, ‘আগামী মাসে পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি ২০ টুর্নামেন্ট। তবে এটা কর্পোরেট লিগ হবে, না গত বিপিএলের মতো বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে, বলতে পারছি না। বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি।’
বিসিবি সভাপতি বলেন, ‘পাঁচ দলকে নিয়ে টি ২০ টুর্নামেন্ট শুরু হবে মধ্য নভেম্বরে। বিদেশি ক্রিকেটাররা খেলতে পারেন সেখানে। মাশরাফি ও সাকিব খেলবে। প্রতিটি দলে ১৫ জন করে ৭৫ জন খেলোয়াড়কে খেলার সুযোগ করে দিতে পারি।’
খবর সারাবেলা / ০৭ অক্টোবর ২০২০ / এমএম




