প্রস্তুতি ম্যাচে তামিম মাঠে নামছেন আজ
হালকা ইনজুরির দরুন প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন এই বাঁ-হাতি ওপেনার।
তিনি খেলবেন রায়ান কুক একাদশের হয়ে। দীর্ঘদিন ধরে খেলা নেই। এজন্য ঘরোয়া ক্রিকেট শুরু করার আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলিয়ে ক্রিকেটারদের চাঙ্গা করে তোলা হচ্ছে।
প্রথম দু’দিনের ম্যাচে দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। হাসান মাহমুদ এবং ইবাদত হোসেনও আছেন ছন্দে। সেঞ্চুরি করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। করোনা থেকে সেরে ওঠা সাইফ হাসান ও মোহাম্মদ মিঠুন হাফ সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় দু’দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এই ম্যাচেও ওটিস গিবসন ও রায়ান কুক একাদশে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা।
ওটিস গিবসন একাদশ : সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসান শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
রায়ান কুক একাদশ : তামিম ইকবাল, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ আল-আমিন হোসেন।
খবর সারাবেলা / ০৫ অক্টোবর ২০২০ / এমএম




