করোনা পরিস্থিতি ‘সেকেন্ড ওয়েভে’ কী না, দ্বিধায় বিশেষজ্ঞরা

September 24, 2020

বিশ্বব্যাপী চরিত্র বদলাচ্ছে করোনা ভাইরাস। প্রথম ধাপ সংক্রমণ শেষে কোথাও কোথাও মানুষের সচেতনতার কারণে কমে এসেছে আক্রান্তের সংখ্যা। এদিকে বাংলাদেশে সেই অবস্থা কোথায় আছে তা নিয়ে চলছে বিশ্লেষণ।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার দ্বিতীয় দফা সংক্রমণ বা সেকেন্ড ওয়েভ এসেছে বলতে হলে কমপক্ষে ১৫ দিনের ডাটা থাকবে, যেখানে গত ১৫ দিন ধরে করোনা সংক্রমণ বাড়ছে এমন তথ্য নির্দেশ করবে। কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য অধিদফতর দৈনিক করোনার যে তথ্য দিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে করোনা সংক্রমণ কমছে। একারণে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় দফা সংক্রমণ চলছে বলে মনে করছেন না তারা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে ভাইরোলজিস্টরা বলছেন, করোনার দ্বিতীয় দফা সংক্রমণ যে আসবেই, ধরাবাঁধা এমন কোনো কিছু নেই। তবে বাংলাদেশের তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ এখনো শুরু হয়নি।এছাড়া মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর নির্ভর করবে দ্বিতীয় দফা সংক্রমণ বা সেকেন্ড ওয়েভ আসবে কি না, বলেন ভাইরোলজিস্টরা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বাংলাদেশে গতকাল বুধবার করোনা সন্দেহে পরীক্ষিত মোট নমুনার ১১.৭৭ শতাংশ করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর পরীক্ষিত মোট নমুনার ১০.৯৯ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। আবার ২১ সেপ্টেম্বর মোট নমুনার ১৩.৬ শতাংশ করোনা আক্রান্ত ছিল।

মেডিসিন বিশেষজ্ঞ, এপিডেমিওলজিস্ট অথবা ভাইরোলজিস্টরা হিসাব মেলাতে পারছে না যে বাংলাদেশে গত ১ থেকে ২ সপ্তাহ করোনা সংক্রমণের হার কম-বেশি ১২ শতাংশের মতো সেখানে মন্ত্রী কিসের ভিত্তিতে বলছেন যে করোনার দ্বিতীয় ওয়েভ চলছে।

খবর সারাবেলা / ২৪ সেপ্টেম্বর ২০২০ / এমএম