করোনা মোকাবিলায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ দল

করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে চীনের একটি বিশেষজ্ঞ দল আগামী ৮ জুন ঢাকায় পৌঁছাবে। ঢাকায় চীন দূতাবাস বুধবার রাতে এ তথ্য জানায়।

চীন দূতাবাস জানায়, চীনের যে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে তার আয়োজন করছে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন। ওই দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন।

বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এ সময় তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবে।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের সময় করোনা মোকাবিলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানান। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে সেই আলোচনায় প্রেসিডেন্ট শি জিনপিং করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সত্যিকারের বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, করোনা মোকাবিলায় চীন সাফল্য দেখানোর পর বাংলাদেশের পক্ষ থেকেও ওই দেশের মেডিকেল দলের ব্যাপারে আগ্রহ ছিল। উভয় পক্ষের আগ্রহের ভিত্তিতে ওই দলটি বাংলাদেশে আসছে।

খবর সারাবেলা / ০৪ জুন এপ্রিল ২০২০ / এমএম