৫ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে: প্রধানমন্ত্রী

April 18, 2020

করোনাভাইরাসের কারণে দেশে যাতে খাদ্য ঘাটতি না হয়, সেদিকে সরকার লক্ষ্য রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেওয়া হচ্ছে। আরও ৫০ লাখ লোককে রেশন কার্ড দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে এক কোটি লোক খাদ্য সহায়তা পাবেন। আর এই এক কোটি লোকের পরিবারের সংখ্যা যদি পাঁচজন হয় তাহলে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবেন।

শনিবার (১৮ এপ্রিল) জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিকেল ৫টায় সংক্ষিপ্ত অধিবেশনটি শুরু হয়।প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে এরকম একটা ঝড় উঠবে তা কল্পনার অতীত ছিল। আসলে ভাইরাসসহ সংক্রামক রোগের কোনো পূর্বের অভিজ্ঞতা ছিল না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইড লাইন অনুসরন করে আমরা স্বাস্থ্য সুরক্ষার নিজস্ব কিছু চিন্তাভাবনা থেকে আমরা কতগুলো পদক্ষেপ সঙ্গে সঙ্গে নিতে থাকি।

তিনি বলেন, আমরা স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিই। প্রত্যেকের যাতায়াত আমরা সীমিত করে দিই। আমরা বিমানবন্দর, সমুদ্রবন্দর বন্ধ করে দিই। করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এমন সব জায়গায় আমরা বিভিন্ন বিধি নিষেধ আরোপ করি।

সরকার প্রধান বলেন, আজকে সারা বিশ্বে করোনা পরিস্থিতিতে আমরা সংক্ষিপ্ত আকারে অধিবেশন বসাচ্ছি। এটি একটা বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল। করোনাভাইরাসে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ মহামারি মানুষকে বন্দী করে ফেলেছে। বাংলাদেশে করোনা আসার সম্ভাবনা পেয়েই আমরা নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশে করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর যথাযথ কাজ করছে। করোনা চিকিৎসা সরকারিভাবে করা হচ্ছে। দেশের সব জায়গায় এখন করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে।

করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় একাদশ সংসদের সপ্তম এ অধিবেশন শুরু হয় বাছাইকৃত এমপিদের নিয়ে। সম্ভব সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন সংসদ সদস্যরা। অধিকাংশ এমপির মুখে মাস্ক ও হাতে গ্লাভস দেখা যায়।এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত ৬০ মিনিটের মতো হতে পারে। স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় এই অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছিল। ফলে সাংবাদিকরা টেলিভিশন দেখে সংসদ কভার করছেন।সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপদফায় উল্লেখ আছে- প্রথম সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না।

খবর সারাবেলা / ১৮ এপ্রিল ২০২০ / এমএম