পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত করতে মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার (১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
গানে গানে, আনন্দ আয়োজনে নতুন বছরটিকে বরণ করে নেয় দেশবাসী। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠে পুরো বাঙালি জাতি।কিন্তু এবার সেই আয়োজন করতে পারবে না বাঙালি। চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে এবার নববর্ষের অনুষ্ঠান হচ্ছে না।
মন্ত্রিপরিষদের নির্দেশনায় করোনার বিস্তার রোধে জনসমাগম এড়িয়ে চলার পহেলা বৈশাখসহ এই সময়ের সব ধরনের অনুষ্ঠান (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।এর আগে, মঙ্গলবার (৩১) ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নববর্ষের সব অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খবর সারাবেলা /০১ এপ্রিল ২০২০/ এমএম




