সাবেক দুই প্রেমিককে বৌভাতে আমন্ত্রণ ক্যাটরিনার
বিয়ে ও মধুচন্দ্রমা কাটিয়ে গত মঙ্গলবার মুম্বাইতে ফিরেছেন বলিউডের নতুন দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানের রাজকীয় প্রাসাদে আয়োজিত সেই বিয়েতে ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজন নিমন্ত্রিত ছিলেন। তবে নিমন্ত্রণ পাননি ক্যাটরিনার সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুর।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার বলিউডের সহকর্মীদের জন্য মুম্বাইতে চোখ ধাঁধাঁনো রিসেপশন পার্টি অর্থাৎ, বৌভাতের আয়োজন করতে চলেছেন সদ্য বিবাহিত জুটি। ওমিক্রন আতঙ্ক মাথায় রেখে মুম্বাই পুরসভার সমস্ত গাইডলাইন্স মেনে আগামী ২০ ডিসেম্বর আয়োজন করা হবে তারকাখচিত ওই পার্টির।
চমকপ্রদ খবর হল, রিসেপশন পার্টিতে ক্যাটরিনা তার সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরকেও আমন্ত্রণ জানিয়েছেন। যদিও বিয়েতে তাদের দাওয়াত করা হয়নি। তবে ক্যাটরিনার বিয়েতে সবচেয়ে দামি উপহার নায়িকার দুই সাবেক প্রেমিকই দিয়েছেন।
২০ ডিসেম্বর মুম্বাইতে আয়োজিত রিসেপশন পার্টিতে বলিউড থেকে আরও উপস্থিত থাকার কথা রয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমারসহ বলিউডের একঝাঁক তারকার। ইতোমধ্যে সবার কাছে পৌছে গেছে নিমন্ত্রণপত্র। তবে সালমান এবং রণবীর আসবেন কিনা, তা নিশ্চিত নয়।খুব জলদি কাজে ফিরতে হবে ভিকি আর ক্যাটরিনাকে। তার আগে বিয়ের সব কিছু মিটিয়ে নিতে চান তারা। তাই জলদি জলদি আয়োজন করা হচ্ছে এই রিসেপশনের।
গত ৯ ডিসেম্বর রাজস্থানের জয়পুরের সিক্স সেন্সেস অফ ফোর্ট বরওয়ারাতে বিয়ে করেন ভিকি ক্যাট। তার দুদিন আগে থেকেই হয়েছিল গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত। বিয়ের পর দিনই জানা জায়গায় চলে যান মধুচন্দ্রিমায়, একান্তে সময় কাটাতে।
খবর সারাবেলা / ১৬ নভেম্বর ২০২১ / এমএম




