বৃষ্টি শেষে আরেকটি লঘুচাপের সম্ভাবনা

পূবালী ও পশ্চিমা বায়ুর সংযোগের ফলে দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি চলাকালে শীতের আভাস অনুভূত হলেও বৃষ্টি শেষে শীত আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস   এই তথ্য জানান।

আবহাওয়াবিদ বলেন, নিম্নচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে রয়েছে। এটি অনেক দুর্বল হয়ে গেছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।আবহাওয়াবিদ বলেন, পূবালী ও পশ্চিমা বায়ুর সংযোগের ফলে দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি শেষ হলেও শীত আসার সম্ভাবনা নেই।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।এছাড়া ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

খবর সারাবেলা / ১৩ নভেম্বর  ২০২১ / এমএম