দেশি মাছের মজার স্বাদ

দেশি মাছের যেমন বৈচিত্র্য তেমনি মাছ রান্নার বৈচিত্র্য তার চেয়ে কম নয়। এটা তো সবাই বলে থাকেন যে দেশি মাছের স্বাদটাও বেশি অন্য মাছের তুলনায়। দেশি মাছের স্বাদ-বৈচিত্র্য এতোটাই আলাদা যে, তার তুলনা সে নিজেই। তার উপর এখন বাজারে পাওয়া যাচ্ছে সুস্বাদু ইলিশ মাছ। দেশি মাছের ৩টি রেসিপি দিয়েছেন উম্মে সালমা সুলতানা।

লেবু পাতায় বেলে মাছ

প্রয়োজনীয় উপকরণ

বেলে মাছ ২ টি
পেঁয়াজ কুঁচি ১ কাপ
সরিষার তেল কোয়াটার কাপ
আদা বাটা হাফ চা চামচ
রসুন বাটা হাফ চা চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
মরিচ গুঁড়া আধা চা চামচ
ধনে গুঁড়া হাফ চা চামচ
কাঁচামরিচ ৪/৫ টি
লেবু পাতা ৪/৫ টি
লবণ পরিমাণমতো
প্রস্তুত প্রণালী

হলুদ, মরিচ, লবণ দিয়ে প্রথমেই মাছ ভেজে নিয়ে কাটা বেছে নিতে হবে। ফ্রাই পেনে ১ কোয়াটার কাপ সরিষার তেল দিয়ে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে উপরের সব মসলা দিয়ে কসাতে হবে। এবার বেছে নেয়া ‘ঝুড়া বেলে মাছ’ ভালো করে ভুনে নিতে হবে। এরপর ভাজা ভাজা হয়ে আসলে কাঁচা মরিচ দিতে হবে। এবার নামানোর আগে লেবুপাতাগুলো দিয়ে ৫ মিনিট দমে রেখে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন জিভে জল আনা ‘লেবু পাতায় বেলে মাছ’।

ইলিশ পেঁয়াজি

প্রয়োজনীয় উপকরণ

ইলিশ মাছ ৪ টুকরা
পেঁয়াজ কুঁচি ১ কাপ
আদা বাটা ১/২ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
কাঁচা মরিচ ৪ টা
লাল মরিচের গুঁড়া ১ চিমটি
তেল ৪ চা চামচ
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাই পেনে তেল গরম করে পেঁয়াজ বিছিয়ে দিন। মনে রাখবেন ভাজতে হবে না। এবার সব মসলা দিয়ে নেড়ে দিন। এরপর মাছগুলো বিছিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন যেন ভাপ বের হতে না পারে। তারপর ঢিমে আঁচে ১৫ মিনিট পর একবার উল্টে দিন। এবাবে আরও ১৫ মিনিট ঢিমে আঁচে রান্না করুন। আর এভাবেই তৈরি হয়ে গেল মজাদার ‘ইলিশ পেঁয়াজি’।

টমেটো কুঁচিতে পাবদা মাছ ভুনা

প্রয়োজনীয় উপকরণ

পাবদা মাছ ৫টি
টমেটো কুঁচি ১ কাপ
পেঁয়াজ কুঁচি আধা কাপ
আদা বাটা ১চা চামচ
রসুন বাটা আধা চা চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১চা চামচ
জিরা গুঁড়া ১চা চামচ
কালোজিরা সিকি চা চামচ
ধনে পাতা কুঁচি ২ টেবিল চামচ
কাঁচা মরিচ ৪-৫ টি
লেবুর রস ১ টেবিল চা চামচ
সরিষার তেল পৌনে ১ কাপ
লবণ পরিমাণমতো
প্রস্তুত প্রণালী

প্রথমে মাছ কেটে ধুয়ে লবণ ও লেবুর রস মেখে ১৫/২০ মিনিট রাখুন। এবার মাছ পুনরায় ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিন। এরপর এতে সামান্য হলুদ ও লবণ মেখে হালকাভাবে ভেজে নিন। তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ নরম হলে কালোজিরার ফোড়ন দিন। এবার জিরা বাদে সব মসলা দিয়ে কষিয়ে টমেটো কুঁচি দিন। এরপর লবণ ও পরিমাণমতো পানি দিয়ে তাতে মাছগুলো বিছিয়ে দিন। সবশেষে মাছ প্রায় হয়ে এলে জিরা গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ঢেকে ৭/৮ মিনিট পর মাখা মাখা হলে ধনে পাতা কুঁচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন দেশি মাছের মুখরোচক স্বাদ ‘টমেটো কুঁচিতে পাবদা মাছ ভুনা’।

খবর সারাবেলা / ১৭ আগস্ট ২০২১ / এমএম