মেসির জন্য ভাড়া করা হলো আইফেল টাওয়ার

বার্সেলোনায় থাকবেন না আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এটা আগেই শোনা গেছে। তবে আজই ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করবেন তিনি। এরপর নাকি যোগ দিবেন ফরাসি জায়ান্ট ক্রাব পিএসজিতে। আর ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাবটি ইতোমধ্যেই এই ফুটবল জাদুগরের জন্য আইফেল টাওয়ারও ভাড়া করেছে। সম্প্রতি এমন তথ্যই দিচ্ছে ফরাসি গণমাধ্যমগুলো।

প্যারিসের ক্লাবটি মেসিকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এরপর চুক্তি আরো বাড়ানো যাবে। সে প্রসঙ্গও রেখে দেয়া হচ্ছে। একই সঙ্গে পিএসজির পক্ষ থেকে মেসিকে বাৎসরিক ৪০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবারই নাকি ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে দলে ভেড়ানোর ঘোষণা দিবে পিএসজি। আর সেই ঘোষণা আসবে আইফেল টাওয়ার থেকেই।

এমন ভাবনার পেছনে কারণও আছে স্পষ্ট। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছিলেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা দিতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি।

উল্লেখ্য, ছোট্ট একটা বিবৃতি দিয়ে মেসির বিদায়ের কথা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ৯৯ শব্দের ওই বিবৃতির মাধ্যমেই ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। এক সময়ে বলা হতো মেসি ও বার্সা একই আত্মা। সেই একই আত্মা আলাদা হয়েছে।

৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড অতীত হয়ে গেল। এই পরিসংখ্যান আর এগোবে না। লিয়োনেল মেসিকে আর খেলতে দেখা যাবে না বার্সেলোনার হয়ে।

খবর সারাবেলা / ০৮ আগস্ট ২০২১ / এমএম