ইউরোর ফাইনালে রাতে মাঠে নামছে ইতালি-ইংল্যান্ড

বাংলাদেশের ফুটবল সমর্থকরা রবিবার ভোরে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি দারুণভাবে উপভোগ করেছে। যে ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল। রাতে ফুটবলপ্রেমীদের জন্য আরেকটি ফাইনাল অপেক্ষা করছে। বাংলাদেশ সময় রাত একটায় ইউরোর ফাইনালে মুখোমুখি হবে ইতালি ও ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে।

সেই ১৯৬৬ সালে দেশের মাঠে বিশ্বকাপ জয়ের পরে গত ৫৫ বছরে ইংল্যান্ডের সিনিয়র ফুটবল দল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়নি। আবার ১৯৬৮ সালে ইউরোপ সেরা হওয়ার পরে ইতালিও ইউরো জেতেনি। এমন অবস্থায় শিরোপা জয়ের জন্য উভয় দলই মরিয়া। এই ম্যাচে জিতবে কোন দল?

দুদলই দারুণ ফুটবল খেলে ফাইনালে উঠেছে। গ্রুপে স্কটল্যান্ড ম্যাচে গ্যারেথ সাউথগেটের দলকে একটু রক্ষণাত্মক দেখালেও তারপর বাকি প্রতিযোগিতায় তারা এগিয়েছে আগ্রাসী মেজাজেই। তেমনই ৩৩ ম্যাচ অপরাজিত থাকা ইতালিও দৃষ্টিনন্দন ফুটবল খেলে প্রমাণ করেছে ওদের দলের গভীরতা।

ইংল্যান্ডের রাহিম স্টার্লিং, কেনরা নিজেদের রক্ষণ থেকে দ্রুত গতিতে তিন-চার পাসে বিপক্ষ রক্ষণে পৌঁছে যাচ্ছে, সেটা কিন্তু ইতালি পারছে না। চিরো ইমমোবিলেরা বিপক্ষ রক্ষণে হানা দিতে একটু বেশিই পাস খেলছে। এতে বিপক্ষ সতর্ক হয়ে যাচ্ছে। আর এই জায়গাতেই এগিয়ে থাকছে ইংল্যান্ড।

কারণ, গতির সঙ্গে পাস খেলে কোনো দল বিপক্ষ রক্ষণে বারবার আঘাত করলে একটা সময় সেই রক্ষণ ভুল করবেই। তাই ইংল্যান্ডের এই তারুণ্যে ভরা গতিময় আক্রমণকে কতক্ষণ জর্জে কিয়েল্লিনিদের রক্ষণ আটকাবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

ইউরোর ইতিহাসে এ পর্যন্ত মাত্র স্পেন, ইতালি, ফ্রান্স ঘরের মাঠে শিরোপা জিতেছে। এবার দেখার পালা সেই তালিকায় ইংল্যান্ডের নাম যোগ হয়, নাকি ৫৩ বছরের ট্রফি খরা কাটে ইতালির।

খবর সারাবেলা / ১১ জুলাই ২০২১ / এমএম