হাজার উইকেটের মাইলফলকে অ্যান্ডারসন

বয়সটা খেলার পক্ষে কথা না বললেও বল হাতে এখনো দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন ইংল্যান্ড জাতীয় দলের ডানহাতি পেসার জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে প্রথম পেসার হিসেবে ছয়শত উইকেটের মাইলফলক অর্জনের পর এবার গড়লেন আরেকটি অনন্য রেকর্ড। কাউন্টি ক্রিকেটে এক ম্যাচ সাতটি উইকেট নেয়ার পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

মঙ্গলবার কাউন্টিতে লাঙ্কাশায়ারের জার্সিগায়ে কেন্টের বিপক্ষে মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি বোলার। এদিন বল হাতে একাই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছাড়েন তিনি। ১০ ওভার বল করে ৫টি মেডেনসহ মাত্র ১৯ রানের খরচায় ৭টি উইকেট তুলে নেন অ্যান্ডারসন। আর তাতেই কেন্টের ইনিংস থেমেছে মাত্র ৭৪ রানে।

প্রায় ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন ডানহাতি এ পেসার। ম্যাচটি শুরুর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেটসংখ্যা ছিল ৯৯৫টি। প্রথম ইনিংস শেষে এটি বেড়ে হলো ১০০২!২০০২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ২৬২তম ম্যাচে গিয়ে ১ হাজার উইকেট নিলেন তিনি। হাজার উইকেট নেয়ার পথে আন্তর্জাতিক টেস্টে ১৬২ ম্যাচে ৬১৭ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। আর স্বীকৃত প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০তম ম্যাচ খেলতে নামা অ্যান্ডারসন নিয়েছেন ৩৮৫টি উইকেট। এর মধ্যে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৩৩৯, ইংল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ৪৪ ও অকল্যান্ডের হয়ে নিয়েছেন ২টি উইকেট।

খবর সারাবেলা / ০৬ জুলাই ২০২১ / এমএম