দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

আষাঢ় মাসের বৃষ্টিতে গেল কয়েকদিন ধরেই বেলা অবেলায় ভিজতে হচ্ছে দেশের অনেক অঞ্চলকেই। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও টিপটিপ আবার কখনও মুষলধারে।তবে আজ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আজ সকালে আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, ‘ভোর রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এ কারণে আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।’আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

মৌসুমি বাতাস উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বাতাস বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।এদিকে, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

খবর সারাবেলা / ০৪ জুলাই ২০২১ / এমএম