নিশ্চিত গোল’ বাতিল হওয়ায় রেগে আগুন রোনালদো
ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার সার্বিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। কিন্তু এদিন রোনালদোর ‘নিশ্চিত গোলটি’ বাতিল না হলে পর্তুগাল ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো।এদিন ম্যাচের অতিরিক্ত সময়ে গোলে শট নেন রোনালদো। নিশ্চিত গোল বুঝতে পেরে রোনালদো উল্লাস শুরু করে দেন। কিন্তু সেই বল সার্বিয়ার ডিফেন্ডার স্টেফান মিত্রোভিচ ফেরৎ পাঠান। মিত্রোভিচ যতক্ষণে বল ফেরৎ পাঠান ততক্ষণে বলটি গোললাইন অতিক্রম করে।
রেফারি এমন গোল বাতিল করায় ক্ষোভে ফেটে পড়েন রোনালদো। রেগে অধিনায়কের আর্মব্যান্ড খুলে মাটিতে ছুঁড়ে মারেন। ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই মাঠ ছেড়ে উঠে যান তিনি। রেফারি ড্যানি ম্যাক্কেলি রোনালদোকে হলুদ কার্ড দেখান।টিভি রিপ্লেতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, বলটি গোললাইন অতিক্রম করেছে। কিন্তু ম্যাচে গোললাইন প্রযুক্তি ও ভিএআরের ব্যবহার না থাকায় রোনালদোর ‘নিশ্চিত গোলটি’ বাতিল হয়ে যায়।
শুধু মাঠে নয়, ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও হতাশা ব্যক্ত করেছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘আমি আমাদের দেশের হয়ে সবসময় সেরাটা দেই এবং দিয়ে যাব। এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু কিছু কঠিন সময় আসে যা মোকাবেলা করা কষ্টকর। বিশেষ করে যখন মনে হয় যে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’পর্তুগাল দলের কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘আমরা গোল করেছি অথচ সেটি বাতিল করা হয়েছি। এই পর্যায়ের ম্যাচে এমনটি প্রত্যাশিত না।’
এদিন ম্যাচের ১১তম মিনিটে দিয়েগো জোতার গোলে লিড নেয় পর্তুগাল। ৩৬তম মিনিটে জোতা তার দ্বিতীয় গোলটি করে পর্তুগালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর ম্যাচের ৪৬তম মিনিটে আলেক্সান্ডার মিত্রোভিচের গোলে ব্যবধান কমায় সার্বিয়া। ৬০তম মিনিটে ফিলিপ কস্টিকের গোলে সমতায় ফেরে তারা। (৯০+২) মিনিটে নিকোলা মিলেনকোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় সার্বিয়া। এর পরে রোনালদোর ‘গোলটি’ বাতিল হওয়ায় ম্যাচ ২-২ গোলে ড্র হয়।
খবর সারাবেলা / ২৮ মার্চ ২০২১ / এমএম




