সেরামের আরও ৫০ লাখ টিকা এসেছে
সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে এসব ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছায়। প্রতি কার্টনে ১২শ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা।এখন বিমানবন্দর থেকে এই ভ্যাকসিনের কার্টনগুলো গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকোর গুদামে নেওয়া হচ্ছে।
এর আগে গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রী জানান, সোমবার দুপুরের মধ্যে দেশে ভারত থেকে আরও ৫০ লাখ ভ্যাকসিন আসবে। তিনি আরও জানান টিকা প্রদান কার্যক্রম শুরু করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হবে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে ২০ জানুয়ারি দুর্যোগে চিকিৎসা সহায়তা হিসেবে প্রতিবেশী দেশকে ২০ লাখ ডোজ করোনার টিকা দেয় ভারত।বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে।
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে সরকারের করা চুক্তি অনুযায়ী, ওই তিন কোটি ডোজ টিকা বাংলাদেশ পাবে ছয় মাসের মধ্যে। বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের টিকার ‘ডিস্ট্রিবিউটর’ হিসাবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা সরবরাহ করবে।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম কোভ্যাক্স-এর আওতায় আরও আড়াই কোটি ডোজ টিকা আগামী জুনের মধ্যে বাংলাদেশ পাবে বলে সরকার আশা করছে।
খবর সারাবেলা / ২৫ জানুয়ারি ২০২১ / এমএম




