মীর সাব্বিরের সিনেমায় গাইলেন নচিকেতা

December 23, 2020

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী বাংলাদেশের একটি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। মীর সাব্বির পরিচালিত রাত জাগা ফুল সিনেমায় তিনি গেয়েছেন।করোনা মহামারী শুরু হওয়ার আগে গানের রেকর্ডিং সম্পন্ন হলেও সম্প্রতি এর চূড়ান্ত সংস্করণটি হাতে পেয়েছেন এ পরিচালক।

নচিকেতার কণ্ঠে ‘দিনবদলের দিন শুরু’ শিরোনামে গানটির রেকর্ডিং হয়েছে কলকাতায়। কথা লিখেছেন মীর সাব্বির নিজেই, সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার তমাল চক্রবর্তী।

গান প্রসঙ্গে মীর সাব্বির বলেন, এমন জনপ্রিয় একজন গায়ক আমার ছবিতে গেয়েছেন ভেবে ভালো লাগছে। গানের কথাগুলো দেখে তার ভালো লেগেছে– এ কারণেই তিনি গাইতে রাজি হয়েছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’রাত জাগা ফুল’ ছবির সংগীতায়োজন করছেন ইমন চৌধুরী। এর আগে মীর সাব্বিরের কথায় ছবিটির টাইটেল গানে কণ্ঠ দেন মমতাজ বেগম।

সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার সহপ্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরের প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড।ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও আবু হুরায়রা তানভীর। আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, মীর সাব্বির, জয়রাজ প্রমুখ।

পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মীর সাব্বির। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তির কথা রয়েছে।

খবর সারাবেলা / ২৩ ডিসেম্বর ২০২০/এমএম