পাকিস্তানিদের বাংলা শেখান তামিম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। পাকিস্তানে অবস্থানরত এই অভিজ্ঞ ক্রিকেটার মজার অভিজ্ঞতার কথা জানালেন। পাকিস্তানি ক্রিকেটারদের সাথে আলাপে ইংরেজি, উর্দু ব্যবহারের পাশাপাশি কিছু বাংলাও শেখানোর চেষ্টা করেন তামিম।

বিপিএলের প্রতি আসরেই পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্যতা চোখে পড়ার মত। শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, শাদাব খানরা খেলেন নিয়মিতই। এদিকে টাইগার ওপেনার তামিম ইকবালও পিএসএলের নিয়মিত মুখ। বর্তমানেও পাকিস্তানে অবস্থান করছেন লাহোর কালান্দার্সের হয়ে প্লে-অফে খেলতে। ইতোমধ্যেই মুলতানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে গেছে তামিম-হাফিজদের কালান্দার্স। ম্যাচটিতে ২০ বলে ৩০ করেছেন তামিম ইকবাল।

পাকিস্তানি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানান নিজেদের মধ্যে যোগাযোগে ইংরেজি ও উর্দুর পাশাপাশি পাকিস্তানি ক্রিকেটারদের বাংলা শেখানোর চেষ্টাও বরেন।

তিনি বলেন, ‘আমরা দুই ভাষাতেই কথা বলার চেষ্টা করি। ইংরেজির সাথে কিছু উর্দুও বলার চেষ্টা করি আমি। আমি জানিনা কতটা ভালো আমি উর্দুতে। আমিও তাদেরকে কিছু বাংলা শেখানোর চেষ্টা করি। তাদের মধ্যে কেউ কেউ কিছু বাংলা পারেও।’

ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপিকা পাকিস্তানি ভক্তদের উদ্দেশ্যে উর্দুত কিছু বলতে বললে অবশ্য রাজি হননি তামিম। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কড়া নির্দেশেই তা করতে চাননি টাইগারদের তারকা ব্যাটসম্যান।

তামিম বলেন, ‘দূর্ভাগ্যজনকভাবে আমি উর্দু বলতে পারবো না। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে নির্দেশনা দেওয়া আছে আমি কেবল বাংলা অতবা ইংরেজি বলতে পারবো। কিন্তু আমি সামান্য কিছু বলতে পারি, আমি হয়তো এক দু্ইটা শব্দ বলতে পারবো। ‘‘আসসালামু আলাইকুম, আমাদের দলের জন্য দোয়া করবেন আমরা যেন জিততে পারি (উর্দুতে)’’।’

পাকিস্তানি ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করে তামিম জানান, ‘এটা আমার সৌভাগ্য যে বেশ কিছু পাকিস্তানি বড় তারকার সাথে আমার খেলার সুযোগ হয়েচে। নাম ধরে বলতে গেলে শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ঢাকা লিগের একটি ম্যাচে মোহাম্মদ ইউসুফের সাথেও খেলা হয়েছে। এর বাইরেও অনেক পাকিস্তানি আছে। তারা টি-টোয়েন্টি ফরম্যাটে স্বর্ণের মত। তাদের সাথে খেলা দারুণ ব্যাপার।’

খবর সারাবেলা / ১৬ নভেম্বর ২০২০ / এমএম