শেষ মাঘে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
মাঘের শেষে এসে আবার বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবারের দিনভর বৃষ্টি নামিয়ে দিয়েছে তাপমাত্রার পারদ। রবিবার সকাল থেকে কনকনে শীত অনূভূত হচ্ছে।শনিবার দেশের দুই বিভাগে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছিল সংস্থাটি। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা বলা হয় শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাবাসে।
ওইদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস।তবে রবিবার সকালেই দেখা যায় তাপমাত্রা আড়াই ডিগ্রি কমেছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে রংপুরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নীলফামারীর ডিমলায় তাপমাত্রা ৯.৭ ডিগ্রি ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলেসিয়াস।
শনিবার সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সে. বাড়তে পারে। সেই সঙ্গে ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
খবর সারাবেলা / ০৬ ফেব্রুয়ারি ২০২২ / এমএম




