শুভেচ্ছাদূত সিয়াম
টিভি নাটক দিয়ে অভিনয় শুরু করলেও এখন ছবি নিয়েই ব্যস্ত ও জনপ্রিয় সিয়াম আহমেদ। করোনাকালেও একের পর এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন এবং কাজ করছেন। এর ফাঁকেই সম্প্রতি একটি মোবাইল ডিভাইস কোম্পানির শুভেচ্ছাদূত হলেন সিয়াম। আগামী এক বছর এ প্রতিষ্ঠানের হয়ে প্রচারণা চালাবেন তিনি।
এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘এটিই প্রথম নয়, আগেও আমি কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে শুভেচ্ছাদূত হিসাবে কাজ করেছি। এখনো সক্রিয় আছি কয়েকটি কাজে। সেই ধারাবাহিকতায়ই এ কাজটি এসেছে।’ এদিকে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ নামের একটি ছবির কাজে ৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে গেছেন সিয়াম। সেখানে একটানা শুটিং হবে ছবিটির। এতে একজন ফুটবল খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।
চরিত্রটিতে মানিয়ে নেওয়ার জন্য সিয়াম একজন পেশাদার কোচের অধীনে প্রশিক্ষণও নিয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। এ ছাড়া একগুচ্ছ নতুন ছবির কাজ হাতে রয়েছে এ চিত্রনায়কের। এগুলো হলো ‘পাপপুণ্য’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘শান’, ‘ইত্তেফাক’ ও ‘স্বপ্নবাজী’। পাশাপাশি টিভি বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করছেন সিয়াম। তার অভিনীত একাধিক নতুন বিজ্ঞাপন এখন টিভিতে প্রচার হচ্ছে।
খবর সারাবেলা / ৬ মার্চ ২০২১ / এমএম




