শিশুদের জন্য ফাইজারের আরো ২৫ লাখ টিকা আসছে

September 5, 2022

বাংলাদেশে করোনা মহামারি নিয়ন্ত্রণে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য আরো ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।বার্তায় জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ২ দশমিক ৫ মিলিয়ন (২৫ লাখ) ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে। এই টিকা বাংলাদেশের শিশুদের করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা করবে।

এদিকে এই অনুদানের মধ্য দিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া টিকার পরিমাণ দাঁড়াল ৮৮ মিলিয়ন (৮ কোটি ৮০ লাখ)। এর আগে গত ৩০ জুলাই শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা দেশে এসেছে।এছাড়া ২৩ আগস্ট মঙ্গলবার শিশু ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে, বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের আরো এক কোটি ডোজ টিকা দেয় যুক্তরাষ্ট্র।

সে সময় ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এই অনুদানের মধ্য দিয়ে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের টিকা ডোজের সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে।আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ যে পরিমাণ কোভিড-১৯ টিকা ডোজ পেয়েছে, তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।এছাড়া যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও আট হাজার টিকা বহনের বাক্স অনুদান দেয়। পাশাপাশি ৪ কোটি ৭০ লাখ টিকা সরাসরি প্রদানের জন্য প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহনে সহায়তা করেছে।

খবর সারাবেলা / ০৫ সেপ্টেম্বর ২০২২ / এমএম