ভুল তথ্যের বিস্তার ঠেকাতে ৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্বাস্থ্যসংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে পড়া রোধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকে ভুল তথ্যের লাখ লাখ পোস্ট মুছে ফেলার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির তিন হাজারের বেশি অ্যাকাউন্টও বন্ধ করেছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্টের অংশ হিসাবে সম্প্রতি ফেসবুক এ তথ্য প্রকাশ করেছে।

যার মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি রোধে প্রতিষ্ঠানের আইন প্রয়োগের মাত্রাকে নির্দেশ করে। তবে ফেসবুকে কোভিড ও টিকা সম্পর্কে বিপুল পরিমাণে ভুল তথ্যের বিপরীতে বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টের সংখ্যা খুবই কম মনে হতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানায়, এ পর্যন্ত তারা দুই কোটির বেশি কনটেন্ট মুছে দেওয়ার পাশাপাশি ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে জুন পর্যন্ত ১৯ কোটি পোস্টকারী অ্যাকাউন্টকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ফেসবুকের কনটেন্ট পলিসি বিভাগের ভিপি মনিকা বিকার্ট বলেন, প্রতিষ্ঠানটিকে প্রতিনিয়ত তার নীতিগত পরিবর্তন আনতে হয়েছে। এর মাধ্যমে ফেসবুক টিকাসংক্রান্ত ৬৫ ধরনের মিথ্যাচার বন্ধ করতে সক্ষম হয়েছে। এর মধ্যে টিকা গ্রহণের পর শরীরে চুম্বকীয় আকর্ষণ তৈরি হওয়ার মতো তথ্যও ছিল। কিছু প্রতিষ্ঠান ফেসবুকের ভুয়া তথ্য শনাক্তকরণ প্রযুক্তি থেকে বাঁচতে সাংকেতিক ভাষা ব্যবহার করেছে বলেও জানান তিনি।

খবর সারাবেলা / ২২ আগস্ট ২০২১ / এমএম