ভিটামিন ডির অভাবে হয় যেসব রোগ, প্রতিকার
শরীরের জন্য ভিটামিন ডি খুবই প্রয়োজনীয় উপাদান। এর ঘাটতি দেখা দিলে নানা রোগ বাসা বাঁধে।ভিটামিন ডির অভাবে ডায়াবেটিস টাইপ-১, হৃদরোগ, হাড়-মজ্জার ক্ষয়রোগ– এমনকি ক্যান্সার হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
দেহের মোট চাহিদার ৮০ শতাংশ ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে। সূর্যের আলো পড়লে এর প্রভাবে ত্বক ভিটামিন ডি তৈরি করে। ফলে এটিই ভিটামিন ‘ডি’র অন্যতম প্রধান উৎস।
শীতে সকালে কুয়াশা থাকায় রোদের তাপ কম থাকে। তবে দুপুরের ঠিক আগ মুহূর্তে সূর্য যখন আকাশের সবচেয়ে উঁচু স্থানে থাকে, তখনই শরীরের ত্বক সবচেয়ে বেশি ভিটামিন ‘ডি’ উৎপন্ন করে।
ভোরের সূর্যের আলো ভিটামিন ডির ভালো উৎস। ভোরের রোদ গায়ে লাগলে এর ঘাটতি পূরণ হয়। সুস্থ থাকতে দৈনিক ২০ মিনিট রোদে থাকা ভালো।
সূর্যের আলো ছাড়াও কিছু খাবারে পাবেন ভিটামিন ডি। আসুন জেনে নিই যেসব খাবারে পাবেন ভিটামিন ডি-
ভিন্ন ধরনের মাছ
বিভিন্ন মাছে রয়েছে ভিটামিন ডি। স্যালমন, সারদিনস, টুনা, ম্যাককেরেলে পাবেন ভিটামিন ডি। দৈনিক ভিটামিন ডির চাহিদার ৫০ শতাংশ পূরণ হতে পারে একটি টুনা মাছের স্যান্ডউইচ বা তিন আউন্স ওজনের একটি স্যালমান মাছের টুকরো থেকে।
মাশরুম
মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি। এই মাশরুমে রয়েছে ভিটামিন ডি। পরটোবেললো মাশরুম সূর্যের আলোয় বড় হয়, এর মধ্যে রয়েছে ভিটামিন ডি। নিয়মিত মাশরুম খেতে পারেন।
কমলার জুস
ভিটামিন ডির জন্য ভালো ব্র্যান্ডের জুসও খেতে পারেন। তবে খাওয়ার আগে প্যাকেটের গায়ে দেখে নিন, কী কী উপাদান দিয়ে তৈরি।
ডিম
ডিমে অল্প পরিমাণ ভিটামিন ডি রয়েছে। তবে যাদের উচ্চরক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলে ভুগছেন তাদের ডিমের কুসুম খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে।
গরুর মাংস
গরুর মাংসের লিভারে রয়েছে ভিটামিন ডি। এ ছাড়া দুধ থেকে ভিটামিন ডি পেতে পারেন।
লেখক: কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ হলি ফ্যামিলি হাসপাতাল।
খবর সারাবেলা / ২৩ ডিসেম্বর ২০২০/এমএম




