ভরিতে ২০৪১ টাকা বাড়ল সোনার দাম
চলতি মে মাসে দ্বিতীয়বারের মতো দেশের বাজারে বাড়ছে সোনার দাম। নতুন দর অনুযায়ী ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম পড়বে ৭৩ হাজার ৪৮৩ টাকা। যা আগে ছিল ৭১ হাজার ৪৪২ টাকা। সে হিসেবে প্রতি ভরিতে দুই হাজার ৪১ টাকা বাড়ছে।আগামীকাল রবিবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, রবিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ৪৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ২৬৩ টাকায়।
শনিবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট সোনা ৭১ হাজার ৪৪২ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৪৯ হাজার ২২২ টাকায়।
এদিকে সোনার দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই এক হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে এক হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১০ মে ভরিতে স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। ফলে চলতি মাসে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হলো চার হাজার ৩৭৪ টাকা। চলতি বছরে সোনার বাজারে অস্থিরতা অব্যাহত আছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে কয়েক দিন পরপর সোনার দাম উঠানামা করছে।
খবর সারাবেলা / ২৩ মে ২০২১ / এমএম




