বসলো ৩৩তম স্প্যান, পদ্মা সেতুর ৫ কিলোমিটার দৃশ্যমান
দেশের সবচেয়ে বড় মেগাপ্রকল্প পদ্মাসেতুর ৩৩তম স্প্যান সফলভাবে বসানো সম্পন্ন হয়েছে। এর ফলে সেতুর প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান হলো।সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। ৩২তম স্প্যান বসানোর আটদিন পর বসানো হলো ৩৩তম স্প্যান।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।এদিন সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেনের সাহায্যে ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া হয়।এর আগে গত ১১ অক্টোবর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪-৫ নম্বর পিয়ারের ওপর ৩২তম স্প্যান বসনো হয়।
সেতু সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান বসানোর পর আরও বাকি থাকবে আটটি স্প্যান। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে আছে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর মূল আকৃতি হবে দোতলা। সেতুর উপড় দিয়ে যানবাহন এবং নীচে দিয়ে ট্রেন চলাচল করবে। আগামী বছর এটি যানচলাচলের জন্য খুলে দেয়া হবে।
খবর সারাবেলা / ১৯ অক্টোবর ২০২০ / এমএম




