বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল

January 9, 2021

আগামীকাল ১০ জানুয়ারি। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে তিনি যুদ্ধবিধ্বস্ত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। সেই থেকে ১০ জানুয়ারি দিনটিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।

প্রতি বছরের মতো এবার জমকালো অনুষ্ঠান না হলেও স্বাস্থ্যবিধি মেনেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। বিগত সময় আওয়ামী লীগের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভার আয়োজন করলেও এবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হবে এক আলোচনা সভা। সেখানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য ভার্চুয়ালে প্রধান করবেন। সেখানেও সীমিত আকারে পালন করা হবে দিবসটি।

এবার আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে আছে আগামীকাল সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং বেলা তিনটায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনলাইন ভার্চুয়ালে গণভবন থেকে ২৩ বঙ্গবন্ধুর আওয়ামী লীগের কার্যালয়ের আলোচনা সভায় যোগ দিবেন।

আওয়ামী লীগের শ্রদ্ধা জানানোর পরেই ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন যুবলীগ। সেখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। পরে সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র যুবলীগের কার্যালয়ে এক প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠান হবে। সেখানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বঙ্গবন্ধুর স্বদেশ দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে সকালে ধানমন্ডির ৩২ নম্বর জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন নেতাকর্মীরা। কৃষকদের মাঝে বিনামূল্যে শীতবন্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি সকাল ১০টায় মের’ল বাড্ডার ডি.আই.টি মাঠে শীতবস্ত্র বিতরণ করা হবে।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানটি পরিচালনা করবেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগ ১০ জানুয়ারির সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তারপরের দিন সকাল ১১ টা রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করেছেন।

সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান।

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একেএম আজম খসরু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেই সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। বিকালে আওয়ামী লীগের আলোচনা সভায় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকবো।

এছাড়া আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা সকালে ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। বিকালে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। অন্যদিকে ছাত্রলীগের কর্মসূচির মধ্যে আছে ১০ জানুয়ারি সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন। বিকেলে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।

খবর সারাবেলা / ০৯ জানুয়ারি ২০২১ / এমএম