প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিননটি এমন সময়ে পালিত হচ্ছে যখন তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ায় গত ১১ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশের বাইরেই জন্মদিন পালন করছেন তিনি। করোনা ভাইরাস (কোভিড-১৯) সৃষ্ট পরিস্থিতির কারণে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ না করায় এবার দেশেই তার জন্মদিন পালন করবেন।
তবে তার জন্মদিন পালন না করতে নির্দেশ থাকলেও নেতা-কর্মীরা নেত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো কেক কাটা, দোয়া ও মিলাদ-মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন উদযাপন করবে।
শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায় দাদা-দাদির কোলে-পিঠে মধুমতি নদীর তীরে। পাঁচ ভাই-বোনের অপর চারজন হলেন- শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও শেখ রাসেল। এর মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বাবা-মাসহ সবাই ঘাতকের হাতে নিহত হন।
শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর পরিবার নিয়ে পুরান ঢাকার রজনী বোস লেনের ভাড়া বাসায় ওঠেন। বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩ নম্বর মিন্টো রোডের বাসায় বসবাস শুরু করেন। শেখ হাসিনাকে টিকাটুলীর নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়।
তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।
শেখ হাসিনা ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুববিরোধী আন্দোলন ও ছয় দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাগারে থাকাকালে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়।
কর্মসূচি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর এবং দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।
সকাল ৯টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা), সকাল ১০টায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস চার্চ (২৯ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০), সকাল ৬টায় তেজগাঁও জপমালা রানির গির্জা এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
একই দিনে ঢাকাসহ সারাদেশে সব সহযোগী সংগঠন আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় ১৯ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, কৃষক লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগেও দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
খবর সারাবেলা / ২৮ সেপ্টেম্বর ২০২০ / এমএম




