প্রথম জয়ের দেখা পেল জার্মানি
অবশেষে উয়েফা নেশনস লিগে প্রথম জয়ের দেখা পেল জার্মানি।চলতি আসরে প্রথম দুই ম্যাচে জয়হীন ছিলেন জোয়াকিম লোর শিষ্যরা। প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জার্মানি।পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষেও একই ব্যবধানে ড্র হয়।
অবশেষে রোববার ইউক্রেনের বিপক্ষে ২-১ গোলে জয় পেলেন ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।ইউক্রেনের মাঠে ম্যাচ শুরু ২০ মিনিটে লিড নেয় জার্মানি। রুডিগারের পাস থেকে গোল ম্যাথিয়াস জিন্টার।বাকিটা সময় আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন জার্মানির লিওন গোরেৎজকার। ম্যাচের ৪৯ মিনিটে গোল করেন তিনি।২ গোলে পিছিয়ে থেকে শোধ দিতে মরিয়া হয়ে ওঠে ইউক্রেন।তবে ৭৬ মিনিটে জার্মানি ডিফেন্ডারের করা ফাউলের সুবাদে গোল পায় ইউক্রেন। ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
সফল স্পটকিক থেকে গোল করেন রুসলান মালিননোভস্কি। এই গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ইউক্রেন।বাকিটা সময় আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।
এই জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মানি। লিগ ‘এ’র চতুর্থ গ্রুপে তিন ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইউক্রেন।তিন ম্যাচে দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে স্পেন।
খবর সারাবেলা / ১১ অক্টোবর ২০২০ / এমএম




