পিএসজিতেই যোগ দিচ্ছেন মেসি
দীর্ঘ ২১ বছরের বন্ধন ছিন্ন করে বার্সেলোনাকে টাটা জানানোর পর সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- এবার তাহলে কোন ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এই ফুটবল জাদুগরকে ক্লাবে ভেড়ানোর দৌঁড়ে এগিয়ে রয়েছে পিএসজি। আর ক্লাবটির কোচ মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে নাকি মেসি সরাসরি আলাপও করেছেন। এরই পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে ফরাসি ক্লাবেই হয়তো যোগ দিচ্ছেন তিনি।
ক্রীড়া ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট দ্য অ্যাথলেট মেসি-পচেত্তিনোর সরাসরি আলাপের বিষয়টি নিশ্চিত করেছে। যদি আর্জেন্টাইন তারকা কিংবা পিএসজি কোচের মুখ থেকে এ বিষয়ে কিছুই পরিষ্কারভাবে জানা যায়নি। আর পচেত্তিনোর মেসির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কৌশলে তা এড়িয়ে যান।
মেসি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা ক্লাবের দিকে মনোযোগী, আমরা খুব ভালোভাবে দলবদল মৌসুম নিয়ে কাজ করছি এবং নতুন মৌসুম শুরুর আগে আমরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি, তা অর্জনের জন্য যেকোনো উপায়ে দলের উন্নতির চেষ্টা করছি।’তিনি আরও বলেন, ‘মেসি বিষয়ে আমরা জানি গতকাল কি হয়েছে। আমি এর থেকে ভিন্ন কিছু বলব না। ট্রোয়াকে হারানোর এবং মৌসুম ভালোভাবে শুরু করার দিকেই পূর্ণ মনোযোগ আমাদের।’
উল্লেখ্য, ছোট্ট একটা বিবৃতি দিয়ে মেসির বিদায়ের কথা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ৯৯ শব্দের ওই বিবৃতির মাধ্যমেই ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। এক সময়ে বলা হতো মেসি ও বার্সা একই আত্মা। সেই একই আত্মা আলাদা হয়েছে।৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড অতীত হয়ে গেল। এই পরিসংখ্যান আর এগোবে না। লিয়োনেল মেসিকে আর খেলতে দেখা যাবে না বার্সেলোনার হয়ে।
খবর সারাবেলা / ০৭ আগস্ট ২০২১ / এমএম




