নুসরাতের বিরহে কাতর নিখিল

February 27, 2021

টলিউড সুন্দরী ও সাংসদ নুসরাত জাহান ও স্বামী নিখিল জৈনের সম্পর্কে চিড় ধরেছে! তারপর থেকে একপ্রকার একাই দিন কাটছে নিখিলের। তার ইনস্টাগ্রাম পোস্ট অন্তত সে কথাই বলছে। নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও বারবার বিভিন্ন পোস্টে নিজের বক্তব্য তুলে ধরতে দেখা যাচ্ছে নিখিলকে।

কখনও তিনি লিখেছেন, ‘জীবনটাই বুমেরাং, যে যেমনটা করে, তেমনটাই ফিরে পায়।’ আবার কখনও লিখেছেন, ‘তুমি পাল্টে গেছো, আমি কিন্তু একই আছি।’ সম্প্রতি ইনস্টাগ্রামে আরও একটি নতুন পোস্ট দিয়েছেন কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল। সেখানে তিনি লিখেছেন, ‘ওহ চাঁদ কাহা সে লাওগি।’

কার উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন নিখিল? তার এই বার্তা কি স্ত্রী নুসরাতের জন্য? এখনও কি তবে নুসরাতের বিরহে কাতর তিনি? কলকাতা থেকে দূরে দিল্লির গ্রেটার কৈলাসের বাড়িতে থেকেও স্ত্রীর অভাব বোধ করছেন নিখিল? এমন হাজারও প্রশ্ন এসে ভিড় করেছে নিখিলের অনুরাগীদের মনে। পোস্ট দেখে তারা কমেন্ট বক্সে নিখিলকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন।

যদিও নিখিল একেবারেই চুপ। তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে নুসরাতের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে একাই হিমাচল থেকে পাঞ্জাব বেড়ানোর ছবি পোস্ট করতে দেখা গেছে নিখিলকে। মাঝে মধ্যেই বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্টে নিজের মনের অবস্থা ফুটিয়ে তুলেছেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই তার সমব্যাথী হয়েছেন নেটিজেনরা। এবারও তাই হলো।

খবর সারাবেলা / ২৭ ফেব্রুয়ারি ২০২১ / এমএম