না কেঁদেই পেঁয়াজ কাটুন

পেঁয়াজ ছাড়া অধিকাংশ রান্নাই অসম্ভব। শুধু আমিষ নয়, ভর্তা ও নিরামিষেও পেঁয়াজ দরকার হয়। কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না অনেকেই করতে চান না। এর প্রধান কারণ, পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি চলে আসে। তবে কিছু উপায় অবলম্বন করলে নিরুপদ্রবেই পেঁয়াজ কাটা সম্ভব।

পেঁয়াজ কেন কাঁদায়

পেঁয়াজ কাটলে চোখে পানি আসার কারণটা হচ্ছে, যখন পেঁয়াজ কাটা হয়, তখন এর কোষগুলো ভাঙতে শুরু করে বা কোষ উন্মুক্ত হয়ে পড়ে। ভেতরে থাকা এনজাইম বেরিয়ে সালফোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। ফলে উৎপন্ন হয় সালফেনিক অ্যাসিড। এই অ্যাসিড কিছু বিক্রিয়া ঘটানোর পর সব শেষে তৈরি হয়ে সিন-প্রোপেনেথিয়াল এস-অক্সাইড। এই যৌগটি বাতাসের চেয়েও হালকা হওয়াতে তৈরি হওয়া মাত্র উড়ে যায়।

যেহেতু পেঁয়াজ কাটার সময় মাথা পেঁয়াজের ঠিক ওপরেই থাকে। সিন-প্রোপেনেথিয়াল এস-অক্সাইড উড়ে গিয়ে ঠাঁই নেয় চোখে। চোখের পানির সঙ্গে আবারও বিক্রিয়া হয়। তৈরি হয় বিপদজনক সালফিউরিক অ্যাসিড। তখন মস্তিষ্ক চোখের গ্রন্থিগুলোকে সঙ্গে সঙ্গে নির্দেশ দেয়, যত দ্রুত সালফিউরিক অ্যাসিডকে বিদায় করতে। তারপরই চোখ থেকে পানি বেরিয়ে ধুয়ে ফেলে সালফিউরিক অ্যাসিড। আর এভাবেই পেঁয়াজ কাটলে আমরা কান্না করি।

চোখের পানি খরচ করতে না চাইলে কী করবেন

চেষ্টা করবেন যাতে চলন্ত ফ্যানের নীচে পেঁয়াজ কাটা যায়। তা হলে ওই ঝাঁঝ আপনার চোখে বেশি পৌঁছবে না। কিন্তু রান্নাঘরে তো সিলিং ফ্যান পাবেন না। তাই পেঁয়াজ কাটার সময় এগজস্ট ফ্যান চালিয়ে নেবেন। সমস্যার সুরাহা কিছুটা হলেও হবে।

পেঁয়াজ কাটার আগে অন্তত ১৫ মিনিট রেফ্রিজারেটরে রেখে দিন। কম তাপমাত্রায় রাসায়নিক যৌগের আচরণে পরিবর্তন আসবে। তবে পেঁয়াজ যাতে জমে বরফ না হয়ে যায়, সেদিকটাতেও খেয়াল রাখতে হবে।
না কেঁদেই পেঁয়াজ কাটুন

পেঁয়াজ কাটার সময় তীক্ষ্ণ ধারালো ছুরি ব্যবহার করার চেষ্টা করুন। কম ধারালো ছুরিতে পেঁয়াজ কাটলে সময় বেশি লাগবে এবং তার ফলে চোখও বেশি জ্বলবে।কাটার আগে পেঁয়াজের সঙ্গে লেগে থাকা শিকড়ের অংশ বাদ দিয়ে দিন। কারণ ওই অংশে উৎসেচক ও সালফারের যৌগ বেশি সঞ্চিত থাকে।

অনেকে পেঁয়াজ কাটার আগে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখেন। যদিও তাতে পেঁয়াজের স্বাদ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া, এরপর পেঁয়াজ কাটার সময় বাড়তি সতর্কতা নিতে হয়।৷ কারণ পেঁয়াজটি পানি লেগে পিচ্ছিল হয়ে যায়। ফলে হাত কেটে যাওয়ার ভয় থাকে।

না কেঁদেই পেঁয়াজ কাটুন

পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের খোলা অংশের মুখ সব সময় চপিং বোর্ডের দিকে থাকা প্রয়োজন। তা হলে ঝাঁঝের প্রভাব কম নির্গত হয় ৷

পেঁয়াজ কাটার আগে খোসা ছাড়িয়ে নেবেন। তারপর পেঁয়াজের খোসা ছাড়িয়ে ৫০ পারসেন্ট তাপে মাইক্রোওয়েভে রেখে দিন ৩০ সেকেন্ড। তারপর কাটুন। দেখবেন চোখে পানি আসবে না।

খবর সারাবেলা / ০২ অক্টোবর  ২০২১ / এমএম