দিন শেষে চুলের যত্ন

সারা দিন কাজের প্রয়োজনে বাইরে থাকলে রোদ, ধুলায় ত্বক ও চুলের ক্ষতি হয়। দিনের পর দিন বাইরে ঘুরে কাজ করলে চুলের ওপর তাপ ও দূষণের প্রভাব পড়বেই। এতে চুল যেমন রুক্ষ হয়ে যেতে পারে তেমনই বাড়তে পারে চুল পড়ার সমস্যাও। সে সঙ্গে চলে যায় চুলের ঔজ্জ্বল্য। এক্ষেত্রে বাড়ি ফিরে নিজেই নিতে পারেন চুলের যত্ন। তিন ধরনের ঘরোয়া হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন সহজেই। জেনে নিন সেগুলো কী কী।

নারকেল তেল ও অ্যালোভেরা
নারকেল তেল আর অ্যালোভেরা জেল দিয়ে বানিয়ে ফেলা যায় একটি প্যাক। রোদের তাপে যদি ঔজ্জ্বল্য হারায় চুল, তবে এটি ব্যবহার করতে পারেন। তিন চা চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তিন চা চামচ অ্যালোভেরা জেল। তারপর মিশ্রণটি ভালোভাবে চুল ও মাথার তালুতে মাখতে হবে। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে দুইবার করে এ প্যাক ব্যবহার করলে উপকার পাবেন।বাইরে ঘুরে কাজ করলে চুলের ওপর তাপ ও দূষণের প্রভাব পড়বেই

মধু ও অলিভ অয়েল
চুলের গোড়া ফেটে গেলে এবং চুল পড়া বেড়ে গেলে এই প্যাক খুব সাহায্য করে। দুই চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নেবেন। বেশ ভালোভাবে ফেটিয়ে নেবেন মিশ্রণটি। তারপর মাথায় মেখে আধ ঘণ্টা রেখে দিন। শ্যাম্পু করার পরেই বুঝতে পারবেন আগের চেয়ে কোমল হয়েছে চুল। সপ্তাহে তিনবার করে এই প্যাক ব্যবহার করতে পারেন।

কলা ও আমন্ড অয়েল
চুলের ঔজ্জ্বল্য ফেরানোর সবচেয়ে সহজ উপায় হলো একটি ছোট কলা চটকে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিন এক চেবিল চামচ আমন্ড অয়েল। ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন। তারপর মাথার তালু এবং চুলে মেখে নিন প্যাকটি। বিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। চুল মসৃণ হবে, ঔজ্জ্বল্য ফিরবে। সপ্তাহে একবার এ প্যাক ব্যবহার করতে পারেন।

খবর সারাবেলা / ০৮ মার্চ ২০২২ / এমএম