দিন যতো যাচ্ছে জাতীয় পার্টির বিভক্তি ততোই স্পষ্ট হয়ে উঠছে

দিন যতো যাচ্ছে জাতীয় পার্টির বিভক্তি ততোই স্পষ্ট হয়ে উঠছে। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ যেনো এড়িয়ে চলছেন একে অপরকে। জিএম কাদেরের কোনো অনুষ্ঠানেই দেখা যাচ্ছে না রওশনপন্থীদের। আজ এরশাদের চেহলামেও উপস্থিত ছিলেন না রওশনপন্থী নেতারা।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর গত ১৭ আগস্ট দলের বনানী কার্যালয়ে প্রথম যৌথসভা ডাকেন দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। এই সভায় দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যসহ শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু, জি এম কাদেরের নেতৃত্বে শুরু হওয়া ওই যৌথসভায় দেখা যায়নি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী এবং দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদকে। দেখা যায়নি দলের রওশনপন্থী নেতা হিসেবে পরিচিত আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নুসহ প্রেসিডিয়ামের অনেক প্রভাবশালী নেতাকেও।

শুক্রবার দুপুরে দলের কাকরাইল কার্যালয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলামের আয়োজন করে জাতীয় পার্টি। জিএম কাদেরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকলেও এই অনুষ্ঠানেও যোগ দেননি রওশনপন্থীরা।

অনুষ্ঠানে রওশনপন্থীদের অনুপস্থিতি ও বিভক্তির গুঞ্জন নিয়ে কোনো কথা বলেননি জিএম কাদের। তবে হুসেইন মুহম্মদ এরশাদের অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ চালিয়ে যাবে।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান। এরপর থেকেই গুঞ্জন উঠে দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্ব নিয়ে অসন্তোষ রয়েছে দলের রওশনপন্থিদের মাঝে।

এর আগে পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের বিষয়ে আপত্তি জানিয়ে রওশন এরশাদ চিঠিও দিয়েছিলেন।

খবর সারাবেলা/ ৩১ আগষ্ট ২০১৯/টি আই